বিশ্বকাপ ট্রফির ইতিহাস। চুরি যাওয়া বিশ্বকাপ ট্রফি।

বিশ্ব ফুটবল ফেডারেশন FIFA এর অধীনে পৃথিবীর ২১১ টি দেশ একটি শিরোপার জন্য লড়াই করে। এ যাবত অনুষ্ঠিত বিশ্বকাপের ২০ টি আসরে ৮ টি জাতীয় দল এই ট্রফি জিতেছে।  

এখন পর্যন্ত ৭৮ টি দেশ বিশ্বকাপের মূল পর্বে খেলতে পেরেছে। এর মধ্যে ফাইনালে উঠেছে কেবল ১১ টি দেশ এবং তাদের মধ্যে কেবল ৮ টি দেশ শিরোপা জিতেছে। যে দেশগুলো বিশ্বকাপ জিতেছে তারা নিজেদের জার্সিতে তারকা চিহ্ন ব্যবহার করতে পারে। একেকটি তারকা একেকটি বিশ্বকাপ নির্দেশ করে। এখন পর্যন্ত সর্বোচ্চ শিরোপাজয়ী দল ব্রাজিল ৫ বার বিশ্বকাপ জিতেছে। 

ব্রাজিলের বিশ্বকাপ জার্সি, লোগো ও তারকা 

এরপর জার্মানি ও ইতালি উভয়ে ৪ টি শিরোপা নিয়ে ২য় অবস্থানে আছে। উরুগুয়ে, ফ্রান্স ও আর্জেন্টিনা ২ বার  এবং ইংল্যান্ড ও স্পেন একবার করে বিশ্বকাপ জিতেছে। ১৯৩০ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত বিজয়ী দলকে জুলে রিমে ট্রফি দেয়া হত। প্রথম বিশ্বকাপ আয়োজনকারী ফিফা প্রেসিডেন্ট জুলে রিমের নাম অনুসারে এই ট্রফির নামকরন করা হয়। এটি ৩.৮ কেজি সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। ১৯৬৬ সালে প্রদর্শনীর জন্য রাখা অবস্থায় ট্রফিটি চুরি হয় যদিও এক সপ্তাহের মধ্যেই একটি কুকুর বাগানে কাগজে মোড়ানো অবস্থায় ট্রফিটি আবিষ্কার করে। ১৯৭০ সালে ব্রাজিল ৩য় বারের মত বিশ্বকাপ জিতলে ট্রফিটি তাদের স্থায়ীভাবে দিয়ে দেয়া হয়। ১৯৮৩ সালে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন থেকে ট্রফিটি আবারো চুরি হয়ে যায়। এরপর ট্রফিটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। 

জুলে রিমে ট্রফি


১৯৭০ সালের পর ফিফা আরেকটি বিশ্বকাপ ট্রফি প্রণয়ন করে। ৭ টি মহাদেশ থেকে আগত ডিজাইনারদের ৫৩ টি মডেলের মধ্য থেকে বর্তমান  ট্রফিটি বাছাই করা হয়। এর ডিজাইনার ছিলেন সিল্ভিও গাজ্জানিগার। ১৮ ক্যারেট সোনার এই ট্রফির উচ্চতা ৩৬ সেন্টিমিটার ও ওজন ৬.১ কেজি। মূল্যবান ম্যালাকাইট দিয়ে এর ভিত্তি তৈরি করা হয়েছে। ট্রফিটির নিচের দিকে ১৯৭৪ সাল থেকে আজ পর্যন্ত বিশ্বকাপ জেতা দলগুলোর নাম লেখা আছে এবং ২০৩৮ সাল পর্যন্ত দলগুলোর নাম লেখার জায়গা আছে। এর পরে হয়তো নতুন কোন ট্রফি আনতে পারে ফিফা। 

নতুন বিশ্বকাপ ট্রফি 



Comments